দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ

ভ্যাটের রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন

ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। এখন থেকে প্রতি তিন কর মেয়াদ শেষে একবার নয়, প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমা দিতে হবে। এ সংক্রান্ত সংশোধনী প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি উপস্থাপন করে।মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, বিদ্যমান নিয়মে প্রতি তিন কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান ছিল। নতুন নিয়মে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে।তবে নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটির দিন হলে পরবর্তী কার্যদিবসে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা সময়সীমা রাখা হয়েছে।এসব প্রতিষ্ঠান ও ব্যক্তি কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবেন।মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় আরও গতি আনতেই দাখিলপত্র পেশের নিয়ম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।প্রতি কর মেয়াদে রিটার্ন জমা বাধ্যতামূলক হলে ব্যবসা ও প্রতিষ্ঠানের ভ্যাট-সংক্রান্ত হিসাব নিয়মিত হালনাগাদ রাখার প্রয়োজন বাড়বে। একই সঙ্গে রাজস্ব প্রশাসনের কাছে করদাতাদের নিয়মিত কার্যক্রমের তথ্য পাওয়ার সুযোগও তৈরি হবে।তবে নতুন সময়সীমা কার্যকর হলে ব্যবসায়ী ও করদাতাদের রিটার্ন প্রস্তুতি ও জমা দেওয়ার সময়সূচিতে পরিবর্তন আনতে হবে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান বর্তমানে দীর্ঘ সময় পরপর দাখিলপত্র জমা দেয়, তাদের নিয়মিত হিসাব ব্যবস্থাপনার দিকে আরও নজর দিতে হবে।‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

ভ্যাটের রিটার্ন জমার নিয়মে বড় পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন