ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন: শামা ওবায়েদ
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর দাবি, ভোটারের হাতের কালি শুকানোর আগেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।শনিবার (১০ অক্টোবর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শামা ওবায়েদ ইসলাম বলেন, নির্বাচনের আগে দেশের ১৮ কোটি মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডের মাধ্যমে তা বাস্তবায়ন করা হয়েছে।তিনি আরও বলেন, গত ১৭ বছরে শেখ হাসিনা ও তাঁর পরিবার দেশকে টুকরো টুকরো করে গেছে। সেখান থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বর্তমান সরকার।তৃণমূল পর্যায় থেকে মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করতেই ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান মর্যাদার বিষয়ে বক্তব্য দিতে গিয়ে শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না। সবার সমান মর্যাদা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।আসন্ন দুর্গাপূজায় যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।প্রতিমন্ত্রী বলেন, কোনোভাবেই স্বৈরাচারের দোসর বা কোনো গুপ্ত গোষ্ঠী যাতে দুর্গাপূজায় বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।