দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর শনিবার অফিস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর তিন দিনের সরকারি ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই ছুটি হবে।বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।তবে টানা ছুটির সমন্বয় করতে আগামী ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী, ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি থাকবে।এর মধ্যে ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে আগে থেকেই ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্তে ২২ অক্টোবর বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করা হয়েছে।এর পর ২৩ অক্টোবর শুক্রবার ও ২৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত করতে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই সিদ্ধান্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের ক্ষেত্রে প্রযোজ্য বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।এর আগে গত সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়। এর ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।দুর্গাপূজার ছুটি থাকলেও জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো এর আওতার বাইরে থাকবে।এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবা রয়েছে। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও ছুটির আওতায় থাকবে না। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো প্রয়োজন অনুযায়ী চালু থাকবে।ছুটির সময়ে ব্যাংক কার্যক্রম পরিচালনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।অন্যদিকে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি কার্যকরের বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর শনিবার অফিস