বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন, মহাসড়কে ঘণ্টাব্যাপী যানজট
লালমনিরহাটের কালীগঞ্জে যাত্রীবাহী বগি রেখে ট্রেনের ইঞ্জিন প্রায় এক কিলোমিটার চলে যাওয়ার ঘটনা ঘটেছে। বগিগুলো লেভেল ক্রসিংয়ের ওপর আটকে থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তুষভাণ্ডার স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে। পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, তুষভাণ্ডার স্টেশন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ট্রেনের বগিগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিংয়ের ওপর থেমে যায়। তবে চালক বিষয়টি বুঝতে না পেরে ইঞ্জিন নিয়ে সামনে এগিয়ে যান। একপর্যায়ে ইঞ্জিনটি বগিগুলো থেকে প্রায় এক কিলোমিটার দূরে চলে যায়।এদিকে বগিগুলো লেভেল ক্রসিংয়ের ওপর আটকে থাকায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।ট্রেনের বগি আটকে থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়ে।স্থানীয় প্রত্যক্ষদর্শী আবুল কাশেম বলেন, লেভেল ক্রসিংয়ের ওপর বগি আটকে যাওয়ায় পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। তীব্র গরমের মধ্যে শত শত যানবাহনের যাত্রী ও চালকদের প্রায় এক ঘণ্টা ভোগান্তিতে পড়তে হয়।তুষভাণ্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল জানান, ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুক বা কাপলিংয়ে ত্রুটির কারণে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়।খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে দ্রুত একটি বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়। সেটি ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন বগিগুলোর সঙ্গে যুক্ত করা হয়।পরে ট্রেনটি বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যায়। বগি সরিয়ে নেওয়ার পর লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক হয়।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।