আদাবরে চাপাতি নিয়ে হামলা, পুলিশের গুলিতে গুলিবিদ্ধ ২; গ্রেপ্তার ১০
রাজধানীর আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিদের ধরতে গিয়ে পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হয়েছেন দুজন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় কয়েকজন দুষ্কৃতকারী ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে শটগান থেকে গুলি ছোড়া হয়। এতে রাজিব ও সাগর নামে দুজনের পায়ে গুলি লাগে।আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ৬ নম্বর শেখেরটেকের একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিরা নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনের খালপাড় এলাকায় অবস্থান করছে।পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৭ থেকে ৮ জনকে দেখতে পায়। তাদের ঘেরাও করে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তারা চাপাতিসহ ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে।পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে কনস্টেবল মোশরেকুল ইসলামের সঙ্গে থাকা শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে দুজনের পায়ে গুলি লাগে।পরে গুলিবিদ্ধ দুজনসহ চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। অন্যরা সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী অভিযানে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।গুলিবিদ্ধ রাজিব ও সাগরকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গ্রেপ্তার রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি।সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া শাকিব ও রাশেদের বিরুদ্ধে পাঁচটি করে মামলা থাকার তথ্যও দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।তবে এসব মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগের বিচারিক নিষ্পত্তি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।অভিযানস্থল থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নতুন করে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।