দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারি বর্ষণ
দেশের আট বিভাগেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে। ফলে বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও অস্থায়ী দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।শনিবার সন্ধ্যা ৬টার পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এ সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তবে আগামী ১৩ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।লঘুচাপটি সৃষ্টি হলে পরবর্তী সময়ে আবহাওয়ার পরিস্থিতিতে কী ধরনের পরিবর্তন আসে, তা পর্যবেক্ষণ করবে আবহাওয়া অধিদপ্তর।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়।একই সময়ে রাঙামাটি ও কুতুবদিয়ায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।