দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের নির্ধারিত অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে গত ২৩ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক আদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব উপযোগী স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিতে বলা হয়েছে।আদেশে বলা হয়েছে, সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ভিত্তিতে বিদ্যুৎ বিভাগ অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর অংশ হিসেবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাদসহ উপযোগী স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।সৌরবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে দুটি পদ্ধতি অনুসরণ করা যাবে। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে ‘ওপেক্স’ মডেলে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে।নির্দেশনায় বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।এর ধারাবাহিকতায় অন্যান্য সরকারি দপ্তরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে।শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগের মাধ্যমে একদিকে সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করা, অন্যদিকে বিদ্যুৎ ব্যবস্থায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো—দুই লক্ষ্যই সামনে রাখা হয়েছে।দেশের বিপুলসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো গেলে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প উৎস বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ ব্যয়ের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদে প্রভাব পড়তে পারে। তবে বাস্তবায়নে ভবনের কাঠামোগত সক্ষমতা, প্রাথমিক বিনিয়োগ, রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযোগের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ