মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, অভিযোগ মসজিদে অনৈতিক কাজ
সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) তাঁদের এ সাজা কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি সংবাদমাধ্যম আজেল নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে।পরে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, অপরাধের গুরুতরতা এবং মসজিদের পবিত্র স্থান ও সময়ের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাঁদের মৃত্যুদণ্ড দেন।বিবৃতিতে বলা হয়েছে, আদালতের রায় পরবর্তী আইনি প্রক্রিয়ায় বহাল থাকার পর সাজা কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়। এরপর বুধবার মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ।বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে তাঁকেও আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।