দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৩

রাজশাহী নগরের একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলার কক্ষ থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় হত্যার সন্দেহে বাড়ির গৃহকর্মীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের কেদুর মোড় এলাকার ‘বেলী ভিলা’ নামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলী রানী ওই এলাকার মৃত ফখরুদ্দীনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাড়িটির দ্বিতীয় তলায় একাই বসবাস করতেন। বাড়ির নিচতলায় ভাড়াটেরা থাকতেন।বেলী রানীর চার সন্তানের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে বিদেশে থাকেন। অন্য ছেলে ঢাকায় বসবাস করেন।বাড়ির ভাড়াটে মো. মারুফ জানান, শুক্রবার সর্বশেষ বেলী রানীকে বাড়ির বাইরে দেখা গিয়েছিল। এরপর থেকে তাঁর থাকার কক্ষটি তালাবদ্ধ ছিল। প্রতিবেশীরা ধারণা করেছিলেন, তিনি হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন।তবে রোববার রাতে বন্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে বোয়ালিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, বেলী রানীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।ওসি মাছুমা মুস্তারী আরও জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির গৃহকর্মীসহ তিনজনকে থানায় নেওয়া হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৩