সেনবাগে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
নোয়াখালীর সেনবাগে নিখোঁজের একদিন পর মো. কামরুজ্জামান মারুফ (২১) নামে এক যুবকের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মারুফ ওই এলাকার মো. রিপন মিয়ার মেজো ছেলে। তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে মারুফ নিজের মোবাইল ফোন ভেঙে ফেলেন। পরে কাপড়চোপড় ও একটি ট্রাভেল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি।এরপর আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে তার খোঁজ করতে থাকেন।বুধবার রাতে বাড়ির পাশের ধানক্ষেতে গলায় গামছা পেঁচানো অবস্থায় মারুফের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় ঘটনাস্থলের কাছ থেকে মারুফের ব্যবহৃত ট্রাভেল ব্যাগ ও জুতাও উদ্ধার করা হয়।সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।