দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর করে গড়ে তুলতে চায় সরকার। রাজধানী ঢাকাকে জাপানের টোকিও শহরের মতো পরিচ্ছন্ন করে তোলার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ কমিউনিটি আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।তারেক রহমান বলেন, টোকিওর রাস্তাঘাটে সাধারণত ময়লা-আবর্জনা দেখা যায় না। অথচ ঢাকার বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকতে দেখা যায়। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন।তিনি বলেন, বর্জ্য থেকে জীবাণু ছড়াতে পারে। তাই নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সঠিকভাবে বর্জ্য অপসারণ নিশ্চিত করা জরুরি।প্রধানমন্ত্রীর মতে, রাস্তায় আবর্জনার কারণে মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হওয়া কিংবা দূষিত বাতাসের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ার পরিস্থিতি পরিবর্তনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করা সম্ভব হলে তা বড় ধরনের সংস্কার হবে বলেও মন্তব্য করেন তিনি।রাজধানীসহ দেশের পরিবেশের উন্নয়নে বায়ুদূষণ কমানো এবং বিভিন্ন স্থানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। পরিবেশের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো খাতে এমন উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হন।ঢাকাকে পরিচ্ছন্ন করার লক্ষ্য বাস্তবায়নে বর্জ্য ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ ও নগর পরিবেশের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তাও তাঁর বক্তব্যে উঠে আসে।তারেক রহমান বলেন, সংস্কারের সুফল সমাজের প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়াকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।রাজনীতিবিদ হিসেবে তিনি এমন সংস্কারকে গুরুত্ব দেন, যার সুবিধা দেশের সাধারণ মানুষও পান। সরকারের লক্ষ্য এমন কার্যক্রম বাস্তবায়ন করা, যাতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়।তিনি আরও বলেন, কিছু সংস্কারে সীমিতসংখ্যক মানুষ উপকৃত হতে পারেন। তবে তাঁর অগ্রাধিকার এমন উদ্যোগ বাস্তবায়ন করা, যাতে সমাজের বৃহত্তর জনগোষ্ঠী লাভবান হয়।সরকারের উদ্যোগগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তারেক রহমান। দেশের গণতন্ত্রমনা মানুষের সমর্থন পেলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলেও জানান তিনি।প্রধানমন্ত্রীর অভিযোগ, সাধারণ মানুষের উপকারে আসবে এমন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বিএনপি সরকারকে বাধাগ্রস্ত করার পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেন, সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে প্রবাসীদের পরিবারসহ দেশের সাধারণ মানুষ উপকৃত হবেন। তাই উদ্যোগগুলোকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।তারেক রহমান বলেন, ‘আমি বলছি না যে বিএনপিকে ভোট দেন। কাজগুলো যদি আপনাদের কাছে সঠিক মনে হয়, তাহলে সমর্থন দেন, যাতে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারি।’এ সময় উপস্থিত প্রবাসীরা করতালি দিয়ে তাঁকে সমর্থন জানান।অনুষ্ঠানের শুরুতে প্রবাসী বাংলাদেশিদের সামনে বিভিন্ন খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।তিনি শিশুদের জাপানি ভাষা শেখানো, স্বাস্থ্যসেবা ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য সহজ করা, বন্ধ শিল্পকারখানা চালু, বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে কথা বলেন।এসব উদ্যোগের মাধ্যমে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনার প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা।অনুষ্ঠানে জাপান বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে আলোকচিত্র উপহার দেওয়া হয়।

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান