জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা, প্রধানমন্ত্রীর হাত থেকে ‘জুলাই স্মৃতি স্মারক’ গ্রহণ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আন্দোলনে আহত যোদ্ধাদের সম্মান জানাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ প্রদান করা হয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ এই সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহতদের প্রতিনিধিদের হাতে স্মৃতি স্মারক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন। এছাড়া শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমনও প্রধানমন্ত্রীর হাত থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন।অনুষ্ঠানের সঞ্চালক জানান, মঞ্চে উপস্থিত প্রতিনিধিদের মাধ্যমে প্রতীকীভাবে স্মৃতি স্মারক প্রদান করা হলেও জুলাই আন্দোলনের সকল শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের জন্য পৃথকভাবে স্মৃতি স্মারক সংরক্ষণ করা হয়েছে। নির্ধারিত সময়ে সেগুলো প্রত্যেক শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনে আহতদের কাছে পৌঁছে দেওয়া হবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের অবদান স্মরণ, আহতদের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরতেই এই সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।