দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ

কাশ্মীরে ১৫০ বাংলাদেশিকে আটকের দাবি ভারতের, ৭ অক্টোবর ফেরত পাঠানোর কথা

জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ১৫০ বাংলাদেশি নাগরিককে আটক করার দাবি করেছে ভারত। সোমবার (৫ অক্টোবর) আটক ব্যক্তিদের পুশব্যাকের প্রস্তুতির অংশ হিসেবে ভারতীয় বিমান বাহিনীর বিমানে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্যের বরাতে সোমবার এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।ভারতীয় পুলিশ সূত্রের দাবি, আটক ১৫০ জনকে প্রাথমিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে এবং আগামী ৭ অক্টোবর বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরে অবৈধ অভিবাসী শনাক্তকরণে চালানো একটি জরিপের পর প্রায় ৫০০ জনকে আটক করা হয়। তাদের শ্রীনগর শহরের উপকণ্ঠে পুলিশি হেফাজতে রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে।আটক ব্যক্তিদের মধ্যে প্রথম ধাপে ১৫০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।তবে এসব ব্যক্তির নাগরিকত্ব, ভারতে প্রবেশের পরিস্থিতি এবং প্রত্যেকের বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে পৃথকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের অনেকে দীর্ঘদিন ধরে কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন। তাদের মধ্যে কেউ ভাঙারি সংগ্রহসহ বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করতেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।ভারতীয় কর্তৃপক্ষের দাবি, অবৈধ অভিবাসীদের শনাক্ত করে পর্যায়ক্রমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকও রয়েছেন বলে কর্মকর্তাদের উদ্ধৃত করে জানানো হয়েছে। তাদেরও পর্যায়ক্রমে বহিষ্কারের কথা বলা হয়েছে।ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের মে মাসে জনসংখ্যা পরিবর্তন-সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। কমিটির মাঠপর্যায়ের জম্মু ও কাশ্মীর সফরের দুই মাস পর এই অভিযান ও আটকের তথ্য সামনে এলো।ভারতীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে ৭ হাজার ৬৫৬ জন রোহিঙ্গা এবং ৫০৪ জন বাংলাদেশি অবস্থান করছেন বলে কমিটিকে জানানো হয়েছে। তাদের সংশ্লিষ্টতায় মোট ১১৭টি মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।তবে এসব মামলার ধরন, আসামিদের পরিচয় এবং মামলাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।ভারতীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, উচ্চপর্যায়ের এই কমিটির কাজের মধ্যে অনিয়ন্ত্রিত অভিবাসন পরিস্থিতি পর্যালোচনা এবং জনসংখ্যাগত পরিবর্তনের বিষয়গুলো খতিয়ে দেখা রয়েছে।কমিটি আগামী এক বছরের মধ্যে এ বিষয়ে সরকারের কাছে সুপারিশ জমা দেবে বলে জানানো হয়েছে।

কাশ্মীরে ১৫০ বাংলাদেশিকে আটকের দাবি ভারতের, ৭ অক্টোবর ফেরত পাঠানোর কথা