দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ

মাউন্ট এতনায় ফের অগ্ন্যুৎপাত, ৪ কিমি উঁচু ছাইয়ের কুণ্ডলী; ফ্লাইট বন্ধ

ইতালির সিসিলি দ্বীপে ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এতনায় ফের তীব্র অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এতে প্রায় ৪ কিলোমিটার উঁচুতে ছাই ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী তৈরি হয়েছে। আগ্নেয় ছাই ছড়িয়ে পড়ায় সংশ্লিষ্ট আকাশসীমায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সিসিলির ব্যস্ততম কাতানিয়া বিমানবন্দরে ফ্লাইট অবতরণ।ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) এবং তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের পর বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ আগ্নেয় ছাই ছড়িয়ে পড়েছে। এতে বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আকাশসীমার ‘সি-১’ সেক্টর বন্ধ করে রেড অ্যালার্ট জারি করা হয়। পাশাপাশি কাতানিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।কাতানিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মাউন্ট এতনার ছাইয়ের কারণে স্থানীয় সময় ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত সব আগমনকারী ফ্লাইট স্থগিত রাখা হয়।এর আগে পরিস্থিতি সামাল দিতে প্রতি ঘণ্টায় স্বাভাবিক ১২টি ফ্লাইটের পরিবর্তে সর্বোচ্চ চারটি ফ্লাইট অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় শেষ পর্যন্ত আগমনকারী ফ্লাইটের অবতরণ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।ফ্লাইট চলাচল স্থগিতের আগে আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে ইতালির বিভিন্ন বিমানবন্দরে পাঠানো হয়।এর মধ্যে পাঁচটি ফ্লাইট পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসো বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও বিকল্প হিসেবে কোমিসোর দিকে ঘুরিয়ে দেওয়া হয়।মাউন্ট এতনা ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। এর অগ্ন্যুৎপাতের কারণে এর আগেও সিসিলির আকাশপথে বিমান চলাচল ব্যাহত হয়েছে।বর্তমান পরিস্থিতিতে আগ্নেয় ছাইয়ের বিস্তার ও আকাশপথের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যালোচনা করে কাতানিয়া বিমানবন্দরের আকাশসীমা ও ফ্লাইট চলাচল স্বাভাবিক করার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মাউন্ট এতনায় ফের অগ্ন্যুৎপাত, ৪ কিমি উঁচু ছাইয়ের কুণ্ডলী; ফ্লাইট বন্ধ