সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ২৫৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
সীমান্তসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত সেপ্টেম্বর মাসে ২৫৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। চোরাচালানে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে ২১৮ জনকে।শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর মাসে জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৩ কেজি ৪৩৮ গ্রাম স্বর্ণ, ১৮ হাজার ৮৭২টি শাড়ি, ৩ হাজার ৮০৮টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল এবং ২ হাজার ৫২৮টি তৈরি পোশাক।এ ছাড়া জব্দ করা হয়েছে ৩ লাখ ৯ হাজার ২৪৬টি কসমেটিকস সামগ্রী, ২ হাজার ৬৪৭টি ইমিটেশন গহনা, ৭১৩টি মোবাইল ফোন, ৬ হাজার ২৯৩টি মোবাইল ডিসপ্লে এবং ৯ হাজার ৪০৭টি মোবাইল যন্ত্রাংশ।অন্যান্য জব্দ পণ্যের মধ্যে রয়েছে ৪ লাখ ৩৩ হাজার ২৬০ প্যাকেট চকলেট, ৫১ হাজার ৫৫০টি জিলেট ব্লেড, ১৩ হাজার ৪৩৫টি চশমা, ১ হাজার ৯১২ ঘনফুট কাঠ, ১ লাখ ৪০ হাজার ২১৭ কেজি কয়লা এবং ৫ হাজার ৩৬ ঘনফুট পাথর।কৃষি ও খাদ্যপণ্যের মধ্যে জব্দ করা হয়েছে ৪৬ হাজার ৮১২ কেজি জিরা, ২০ হাজার ৫৭৮ কেজি রসুন, ৮ হাজার ৩৫৭ কেজি চিনি, ২০ হাজার ৩২৩ কেজি সার, ৫ হাজার ৩৫ কেজি সুপারি এবং ৩ হাজার ৬১১ কেজি চা-পাতা।এ ছাড়া ১৫ লাখ ৪০ হাজার ৮টি চিংড়ি মাছের পোনা, ১ হাজার ৩৫৯ লিটার ভোজ্যতেল, ১ হাজার ৬০৫ কেজি বাংলাদেশি পাট, ৭৫ কেজি কারেন্ট জালসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।চোরাচালানে ব্যবহারের অভিযোগে বিভিন্ন ধরনের যানবাহন ও নৌযানও জব্দ করেছে বিজিবি।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জব্দ যানবাহনের মধ্যে রয়েছে ছয়টি ট্রাক বা কাভার্ড ভ্যান, আটটি পিকআপ, তিনটি প্রাইভেটকার বা মাইক্রোবাস, ১০৩টি সিএনজি, ইজিবাইক, অটোরিকশা ও ঠেলাগাড়ি, ৭৪টি মোটরসাইকেল এবং ৩১টি বাইসাইকেল বা ভ্যান। এ ছাড়া ৬৯টি নৌকা জব্দ করা হয়েছে।সেপ্টেম্বরের অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি এমজি, তিনটি রাইফেল, ছয়টি দেশি-বিদেশি পিস্তল এবং অন্যান্য দুইটি অস্ত্র। এ ছাড়া তিনটি ম্যাগাজিন, ৬৪ রাউন্ড গোলাবারুদ, ৫২ কেজি বিস্ফোরক সালফার এবং ৪ কেজি অন্যান্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।সেপ্টেম্বর মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নেশাজাতীয় সামগ্রী জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৬ লাখ ৯৪ হাজার ৬০৫ পিস ইয়াবা, ৫৮ গ্রাম হেরোইন, ১ হাজার ৪১৮ বোতল ফেনসিডিল এবং ১১ হাজার ৯২৫ বোতল বিদেশি মদ।এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১৬৫ দশমিক ২৫ লিটার বাংলা মদ, ৭১৬ ক্যান বিয়ার, ১ হাজার ৭১৫ কেজি গাঁজা, ৪ হাজার ৯৮৯ বোতল ইস্কাফ সিরাপ এবং ৮ হাজার ৫২৪ বোতল বিভিন্ন ধরনের সিরাপ।জব্দ করা অন্যান্য নেশাজাতীয় সামগ্রীর মধ্যে রয়েছে ২ হাজার ১৮টি অ্যানেগ্রা বা স্যানেগ্রা ট্যাবলেট, ১ লাখ ৮৩ হাজার ৩৭০ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ ১৫ হাজার ৫৮৬টি বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্তে মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে গত মাসে ২১৮ জনকে আটক করা হয়েছে।এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৫৮ জন বাংলাদেশি, সাতজন ভারতীয় এবং ২০১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।