দৈনিক জাতীয় কণ্ঠস্বর
সর্বশেষ

সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের গতিরোধ করে ৪০০টি সিলিন্ডার লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে লুট হওয়া সিলিন্ডারের মধ্যে ৪৮টি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনিট্রাকও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান এ তথ্য জানান। এর আগে বুধবার দিবাগত রাতে বগুড়ার শাজাহানপুর ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), তাঁর সহযোগী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)।অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানোর কথা ছিল।পুলিশের ভাষ্য অনুযায়ী, লুট হওয়া ৪০০টি গ্যাস সিলিন্ডারের মধ্যে ৪৮টি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে বিভিন্ন কোম্পানির ৪০০টি গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় একটি ট্রাক।পথে রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫ থেকে ১৬ জন অজ্ঞাত ব্যক্তি ট্রাকটির গতিরোধ করে। এ সময় তারা চালক আসিফসহ ট্রাকে থাকা ব্যক্তিদের ধারালো ছুরি দিয়ে হত্যার হুমকি দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।পরে তাঁদের মধ্যে দুজন চালকের পাশের আসনে বসে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়।মামলার বিবরণ অনুযায়ী, ভোর ৪টার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার একটি কবরস্থানের পাশের ফাঁকা রাস্তায় ট্রাকটি থামানো হয়। এরপর দুটি মিনিট্রাকে ৪০০টি গ্যাস সিলিন্ডার তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।এ সময় ট্রাকচালক ও তাঁর সহকারীর কাছ থেকে তিনটি মুঠোফোন এবং নগদ ৮৬ হাজার টাকাও লুট করা হয় বলে অভিযোগ করা হয়েছে।ঘটনার পর নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর (গোপচর) এলাকার মৃত মোহাম্মদ পান্না উল্লাহর ছেলে মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন।মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং ৪৮টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। বাকি সিলিন্ডার উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩