টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, দগ্ধ ২;নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট
গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসের একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এ ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন এসেনশিয়াল ড্রাগস কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।পরিস্থিতি মোকাবিলায় পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।অগ্নিকাণ্ডে দুজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দগ্ধ ব্যক্তিদের পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।