প্রিন্ট এর তারিখ : ১৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশিদের জন্য সুখবর! চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু করছে ভারত আগামী সপ্তাহেই
নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশি নাগরিকদের জন্য বড় সুখবর নিয়ে আসছে প্রতিবেশী দেশ ভারত। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসা চালু করতে সম্মত হয়েছে দেশটি। আগামী সপ্তাহ থেকেই এই নতুন ভিসা কার্যক্রম চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় তিনি বলেন, দুই দেশের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।হুমায়ুন কবির আরও উল্লেখ করেন, “দুই দেশের মধ্যে ইতিবাচক মানসিকতা থাকলে সম্পর্ক আরও অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে, যা ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।”এই বৈঠকে জ্বালানি সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ করায় ভারতকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ পক্ষ।উল্লেখ্য, গত সপ্তাহে খলিলুর রহমান এবং হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। সেখানে তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে বাণিজ্য, ভিসা সহজীকরণ, জ্বালানি সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বিশ্লেষকদের মতে, এই নতুন ভিসা চালু হলে চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশ্যে ভারতগামী বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ আরও সহজ ও দ্রুত হবে। একইসঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল হবে বলেও আশা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর