প্রিন্ট এর তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আমেনা হত্যার বিচার চাই: নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন
সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি ||
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের পর আমেনা নামের এক তরুণীকে নির্মমভাবে হত্যার ঘটনায় দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মা নরসিংদী প্রেসক্লাব–এর সামনে এ কর্মসূচির আয়োজন করে নরসিংদী জেলা জাতীয় ছাত্রশক্তি।মানববন্ধনে বিভিন্ন স্তরের নেতাকর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা বলেন, মাধবদীতে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ড পুরো সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। তারা অভিযোগ করেন, এ ধরনের নৃশংস ঘটনা সমাজে উদ্বেগ ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে এমন ঘটনা বারবার ঘটতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।বক্তারা আরও বলেন, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে এবং কোনো প্রকার প্রভাব বা বিলম্ব সহ্য করা হবে না। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে ‘আমেনা হত্যার বিচার চাই’, ‘ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচির শেষে নিহত আমেনার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে আয়োজকরা বলেন, প্রয়োজন হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
কপিরাইট © ২০২৫ দৈনিক জাতীয় কণ্ঠস্বর