প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার অভিযোগ, আসিফ নজরুলের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ||
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটির নিন্দা জানিয়ে ড. ইউনূসের আন্তর্জাতিক স্বীকৃতি ও অবদানের কথা তুলে ধরেছেন।মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া ওই পোস্টে আসিফ নজরুল দাবি করেন, হুইলচেয়ারে থাকা ড. ইউনূসের সামনে এসে এক ব্যক্তি তাঁকে ‘টেররিস্ট’ ও ‘ট্রেইটর’ বলে চিৎকার করেন। এ ধরনের আচরণকে তিনি অসুস্থ চিন্তা ও আত্মসন্তুষ্টির প্রকাশ বলে মন্তব্য করেন।নিজের পোস্টে আসিফ নজরুল লেখেন, “হুইলচেয়ারের একা একটা মানুষ। তার সামনে হঠাৎ এসে চিৎকার করে ‘টেররিস্ট’, ‘ট্রেইটর’ বলে দিলেন, আর তার মান-সম্মান চলে গেল! কী করুণ আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা!”ঘটনাটিকে কেন্দ্র করে দেওয়া বক্তব্যে তিনি ড. ইউনূসের প্রতি ব্যক্তিগত আক্রমণের সমালোচনা করেন। একই সঙ্গে তাঁর কাজ ও আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত স্বীকৃতির বিষয়টিও তুলে ধরেন।পোস্টে আসিফ নজরুল ড. ইউনূসের কাজের বৈশ্বিক প্রভাবের কথা উল্লেখ করেন। তিনি লেখেন, ড. ইউনূস কতটা শ্রদ্ধেয় এবং তাঁর কাজ বিশ্বজুড়ে কতটা অনুকরণীয় হয়েছে, তা সমালোচকেরা উপলব্ধি করতে পারবেন না।এ প্রসঙ্গে ভারতের সংসদের যৌথ অধিবেশনে সম্মানিত হওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের মতো ব্যক্তিত্বের সঙ্গে ড. ইউনূসের যোগাযোগ ও সান্নিধ্যের কথা তুলে ধরেন।পোস্টের শেষাংশে ড. ইউনূসকে উদ্দেশ করে করা অপমানজনক মন্তব্য তাঁর সম্মান বা অবদানের ওপর প্রভাব ফেলবে না—এমন বক্তব্য দেন আসিফ নজরুল।তিনি লেখেন, “আর আপনি, তুচ্ছ এক জীবন যাপন করা মানুষ, ড. ইউনূসকে সন্ত্রাসী বলে একটা হাঁক দিলেন, মিথ্যে গালাগালি করলেন—এতে তাঁর কী ক্ষতি হবে? সূর্যের দিকে ইট ছুড়ে মারলে কী হয়? কতটা আলো আড়াল হয় তাতে?”এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, ব্যক্তিগত আক্রমণ দিয়ে ড. ইউনূসের দীর্ঘদিনের কাজ ও আন্তর্জাতিক স্বীকৃতি মুছে ফেলা সম্ভব নয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
নির্বাহী সম্পাদকঃ মোঃ হাবিব
বিজ্ঞাপন ও তথ্য দিতেঃ 01860-519390
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর