প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার
নিজস্ব প্রতিবেদক ||
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বেসামরিক মানুষের প্রাণহানি ও অবকাঠামোর ওপর হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ১০ অক্টোবর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো হামলায় হতাহতের ঘটনা ঘটে। সৌদি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলার ঘটনাকে ‘দ্ব্যর্থহীন ভাষায় তীব্র নিন্দা’ জানানো হয়েছে। নিহত বাংলাদেশিদের পরিবারসহ সব শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে সরকার। আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতাও কামনা করা হয়েছে।রিয়াদে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে দূতাবাস কাজ করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলায় নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক এবং দুজন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোতে আঘাত হানার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করেছে বাংলাদেশ। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধেরও আহ্বান জানিয়েছে সরকার।বিবৃতিতে সৌদি আরব সরকার ও দেশটির জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনীতির পথ অনুসরণের আহ্বান জানিয়েছে ঢাকা। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় শত্রুতা বন্ধের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।প্রদত্ত তথ্যে বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের এটি তৃতীয় হামলা। গত এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি ভূখণ্ডে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবেও উল্লেখ করা হয়েছে।ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার মধ্যেই এ ঘটনা ঘটেছে। দেশটির নিয়ন্ত্রণ নিয়ে হুথি বিদ্রোহীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর সঙ্গে লড়ছে। ইরানের সমর্থনপুষ্ট এই গোষ্ঠীর বিরুদ্ধে ইয়েমেন সরকারের স্থল অভিযানে সহায়তা দিতে সৌদি আরব বিমান হামলা চালাচ্ছে।এই সংঘাতের প্রেক্ষাপটে সৌদি ভূখণ্ডে হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
নির্বাহী সম্পাদকঃ মোঃ হাবিব
বিজ্ঞাপন ও তথ্য দিতেঃ 01860-519390
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর