প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক ||
বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে এক যুবককে রাতভর খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। সকালে বাবাকে ওই অবস্থায় দেখে তার ছোট মেয়ে কান্নায় ভেঙে পড়ে। পরে পাশের দোকান থেকে চা ও রুটি কিনে নিজ হাতে বাবাকে খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বামরাইল বাজারে এ ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাজারের একটি খুঁটির সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় বসে আছেন অনিক সরদার। তাঁর পাশে দাঁড়িয়ে কাঁদছিল একটি শিশু।পরে শিশুটিকে স্থানীয় একটি দোকান থেকে চা ও বানরুটি কিনে এনে নিজের হাতে বাবাকে খাওয়াতে দেখা যায়। এ সময় আশপাশে বেশ কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।স্থানীয় সূত্রের দাবি, অনিক সরদারের বাড়ি বামরাইল বাজারের কাছের কালিহাতি গ্রামে। শুক্রবার রাতে বামরাইল বাজারের একটি মুদি দোকানে চুরির চেষ্টার অভিযোগে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা তাকে আটক করেন।এরপর তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং রাতভর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।সকালে বাবাকে আটকে রাখার খবর পেয়ে তাঁর মেয়ে ঘটনাস্থলে যায়। দীর্ঘ সময় সেখানে আটকে থাকার পর বাবাকে দুর্বল অবস্থায় দেখে সে কান্নায় ভেঙে পড়ে বলে স্থানীয়রা জানান।তবে অনিক সরদারের বিরুদ্ধে ওঠা চুরির অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইন নিজের হাতে তুলে নেওয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ সত্য হলেও কাউকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করার বৈধতা নেই—এমন মন্তব্য করেছেন অনেকে।ঘটনাটি একই সঙ্গে শিশুটির ওপর তৈরি হওয়া মানসিক চাপ নিয়েও প্রশ্ন তুলেছে। একজন অভিভাবককে প্রকাশ্যে এভাবে আটকে রাখার ঘটনায় শিশুটিকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, যা তার জন্য গভীরভাবে ভীতিকর হতে পারে।উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন জানান, খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা অনিক সরদারকে মুক্ত করে দেন।তিনি বলেন, ঘটনাটির বিস্তারিত জানতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ সাদ্দাম হোসেন
নির্বাহী সম্পাদকঃ মোঃ হাবিব
বিজ্ঞাপন ও তথ্য দিতেঃ 01860-519390
কপিরাইট © ২০২৬ দৈনিক জাতীয় কণ্ঠস্বর